ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার বিষয়ে যা জানাল ইসি

 February 14, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট শনিবারের (১৪ ফেব্রুয়ারি) মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, আলোচিত ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার সুযোগ নেই।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কালকের (শনিবার) মধ্যেই সংসদ নির্বাচনের গেজেট প্রকাশ হতে পারে। তবে ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার কোনো সুযোগ নেই।

ঢাকা-৮ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী মির্জা আব্বাস ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী নাসিরউদ্দিন পাটওয়ারীর মধ্যে। ফলাফল অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৪ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি পান ৫৬ হাজার ৫৫২ ভোট। অপরদিকে নাসিরউদ্দিন পাটওয়ারী পান ৫১ হাজার ৫৭২ ভোট।

ফল ঘোষণার পর থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেন।

নির্বাচনের দিন রাত আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট পুনর্গণনার দাবি জানান।

অভিযোগ-পাল্টা অভিযোগের কেন্দ্রে রয়েছে বাতিল ভোটের বিষয়টি। এ আসনে মোট ২ হাজার ৪৯৭টি ভোট বাতিল হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যালট পেপারের একদম বাম পাশে ধানের শীষ প্রতীকের ঘর থাকায় তার পাশের ফাঁকা জায়গায় অনেক ভোটারের সিল পড়েছে। ফলে সেসব ভোট বাতিল হিসেবে গণ্য করা হয়েছে।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন ও বিধিমালা অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করেই ফলাফল ঘোষণা করা হয়েছে এবং পুনর্গণনার কোনো সুযোগ নেই।

সূত্র : কালবেলা

Comments

Popular posts from this blog

3যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা