অবশেষে নির্বাচনের তফসিল ঘোষণার দিনক্ষন চূড়ান্ত!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণের সবকিছু চূড়ান্ত বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে। ইসি কমিশনার আব্দুর রহমান মাছউদ গণমাধ্যমকে জানিয়েছেন, আগামীকাল বুধবার সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
আজ মঙ্গলবার তিনি গণমাধ্যমকে বলেন, “আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন।”
তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে ইসি ইতিমধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা নিয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিনের ভাষণ আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রেকর্ড করা হবে। অতীতে সিইসির ভাষণ রেকর্ডের দিনই তফসিল ঘোষণার নজির থাকায় এবারও এমন সম্ভাবনা রয়েছে।
সিইসি অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়ে আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করবেন।
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গতকাল সাংবাদিকদের জানান, ইতিমধ্যে বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে। সূত্র জানায়, এই দুটি প্রতিষ্ঠানকে ভাষণ রেকর্ড করে তাৎক্ষণিকভাবে প্রচারের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
ইসি কমিশনার আব্দুর রহমান মাছউদ আরও জানিয়েছেন, তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।

Comments
Post a Comment