এবার জ্বালানি তেল নিয়ে আসলো বড় সুখবর!
চলতি বছর বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় আগামী বছর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের মজুত বাড়তে পারে, যা দাম কমাতে সহায়ক হবে।
ইআইএ জানিয়েছে, ২০২৫ সালে পরিশোধিতসহ মোট বৈশ্বিক জ্বালানি তেলের উৎপাদন গড়ে দৈনিক ১০ কোটি ৬০ লাখ ব্যারেল হতে পারে। এটি সংস্থাটির পূর্বের পূর্বাভাসের তুলনায় দৈনিক এক লাখ ব্যারেল বেশি।
একই সময়ে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দৈনিক ব্যবহার দাঁড়াতে পারে ১০ কোটি ৪১ লাখ ব্যারেলে।
চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকার কারণে বৈশ্বিক জ্বালানি তেলের মজুত ২০২৬ সাল পর্যন্ত বাড়তে থাকবে। ইআইএ’র পূর্বাভাস অনুযায়ী:
চলতি বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তেলের মজুত হতে পারে ২৯৩ কোটি ব্যারেল।
২০২৬ সালের শেষ প্রান্তিকে এই মজুত ৩১৮ কোটি ব্যারেল পর্যন্ত পৌঁছাতে পারে।
সরবরাহ বৃদ্ধির এই পূর্বাভাসের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের গড়মূল্য কমতে পারে।
ইআইএ জানিয়েছে, ব্রেন্ট ক্রুডের গড়মূল্য চলতি বছর ব্যারেলপ্রতি ৬৮ ডলার ৭৬ সেন্ট হতে পারে, যা গত বছরের গড় ৮০ ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
মার্কিন বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) গড়মূল্য নেমে আসতে পারে ব্যারেলপ্রতি ৬৫ ডলার ১৫ সেন্টে।
উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র। দেশটিতে চলতি বছর জ্বালানি তেল উত্তোলন রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে। এ বছর গড়ে দৈনিক উৎপাদন হতে পারে ১ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ব্যারেল, যা ২০২৬ সালে সামান্য কমে ১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ব্যারেল হতে পারে।

Comments
Post a Comment